সিরাজগঞ্জের তাড়াশে গত ২৪ ঘণ্টায় পৃথক ঘটনায় পারিবারিক কলহের জেরে দুই যুবক আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার উপজেলার ভিকমপুর ও নওখাদা গ্রামে এ ঘটনা ঘটে। উভয় ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে রবিউল করিম (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই যুবক গত আগস্ট মাসে বিয়ে করেন আর বিয়ের পর শারীরীক অক্ষমতার কারণে স্বামী-স্ত্রীতে টানাপোড়েনের সৃষ্টি হয়। পরে রাগ-অভিমানে ওই যুবক আত্মহত্যা করেন।
অপর দিকে একই দিন ভোর রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের মরহুম শফিকুল মুন্সীর ছেলে সবুজ মুন্সীর (২০) সাথে তার স্ত্রীর পারিবারিক কহল বাধে। তারা ওই রাতে ঝগড়া করে ঘুমিয়ে যায়। পরে শেষ রাতের দিকে স্ত্রীর ওপর অভিমান করে সবুজ মুন্সী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয় দু’টির সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
Please follow and like us: