বুধবার , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

তিন শিক্ষার্থীদের হাত ধরে সিরাজগঞ্জে গড়ে উঠেছে জনপ্রিয় ব্রাদারহুড ক্যাফে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ পৌর শহরের ইলিয়াট ব্রিজ (বড়পুল) পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় তিন তরুণ শিক্ষার্থীর উদ্যোগে গড়ে ওঠা “ব্রাদারহুড ক্যাফে এন্ড রেস্তোরাঁ” ইতোমধ্যেই আলোচনায় এসেছে। তরুণ উদ্যোক্তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ শহরের ভোজনরসিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে অল্প সময়ের মধ্যেই।

ক্যাফেটি পরিদর্শনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী ও তরুণদের উপচে পড়া ভিড়। আড্ডা, হাসি-আনন্দ আর খাবারের গন্ধে মুখরিত পুরো পরিবেশ। খাবারের মান, সেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তুষ্ট অতিথিরা বলছেন এত কম বয়সে এভাবে নিজের উদ্যোগে ব্যবসা শুরু করা সত্যিই প্রশংসনীয়।

ক্যাফের অন্যতম উদ্যোক্তা মোস্তফা কামাল শিশির, যিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে কিছু করার স্বপ্ন থেকেই তিনি এই ক্যাফে চালু করেন। তার সঙ্গে আছেন এইচএসসি পরীক্ষার্থী আহসান মাহিন ও এসএসসি শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ যারা পড়ালেখার পাশাপাশি সমান উদ্যমে ব্যবসা সামলাচ্ছেন।

শিশির বলেন, আমরা চেয়েছিলাম এমন একটা জায়গা, যেখানে তরুণরা বন্ধুবান্ধব নিয়ে নিশ্চিন্তে বসতে পারবে, ভালো খাবার খেতে পারবে। নিজেরা বিনিয়োগ করেছি, নিজেরা রান্না ও পরিবেশনও করি। এখানেই আমাদের আলাদা শক্তি।

তিনি আরও যোগ করেন, আমরা কাউকে কর্মচারী হিসেবে দেখি না। সবাই ভাইয়ের মতো কাজ করি। এজন্য নাম রেখেছি ‘ব্রাদারহুড ক্যাফে’। আমাদের মূল লক্ষ্য হলো গ্রাহককে ভালো সেবা দেওয়া তাতে যদি মানুষ খুশি হয়, সেটাই আমাদের সবচেয়ে বড় লাভ।

ক্যাফেতে রয়েছে বিভিন্ন স্বাদের আইসক্রিম, ফুচকা, চটপটি, বার্গার, পিজ্জা, স্যান্ডউইচ, পাস্তা সহ নানা মুখরোচক খাবার। দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী হওয়ায় শিক্ষার্থী ও তরুণদের আনাগোনা বেশি।

খাবার খেতে আসা স্থানীয় ভোজনরসিক রিফাত হোসেন বলেন, এখানকার খাবার খুব টাটকা ও সুস্বাদু। সবচেয়ে ভালো লাগে ওদের ব্যবহার। সবাই এত আন্তরিকভাবে আপ্যায়ন করে, মনে হয় বন্ধুর বাসায় এসেছি।

আরেকজন কলেজছাত্রী সায়মা আক্তার বলেন, সিরাজগঞ্জ শহরে এমন আধুনিক কিন্তু ঘরোয়া পরিবেশের ক্যাফে খুব কম আছে। এখানে এসে আমরা নিরাপদ বোধ করি। তরুণদের এই উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক।

স্থানীয় বাসিন্দারাও এই তিন তরুণ উদ্যোক্তার সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অনেকের মতে, দেশের তরুণ প্রজন্ম যদি এভাবে আত্মনির্ভরশীল উদ্যোগ নেয়, তবে বেকারত্ব অনেকটা কমে আসবে।

ব্রাদারহুড ক্যাফে এন্ড রেস্তোরাঁ এখন শুধু খাবার নয়, বরং এক তরুণ সাফল্যের প্রতীক হয়ে উঠেছে সিরাজগঞ্জে। ছোট পরিসরে শুরু হলেও উদ্যোক্তারা ভবিষ্যতে এই ব্র্যান্ডকে জেলার বাইরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।

মোস্তফা কামাল শিশির আ‌রো বলেন আমাদের শুরুটা ছোট, কিন্তু স্বপ্ন বড়। আমরা চাই, সিরাজগঞ্জের তরুণরা চাকরির পেছনে না দৌড়ে নিজেরা কিছু করতে সাহসী হোক। আমরা তাদের অনুপ্রেরণা হতে চাই।

Please follow and like us: