দিনাজপুরের বিরলের নিভৃত গ্রাম মুরাদপুরে রাতের আধারে বাড়ির দরজা ও ঘরের চাল ভাংচুর করে নিরাপরাধ হান্নান আলীকে আটক করে নিয়ে যায় বিরল থানা পুলিশ। আটকের ১০ ঘন্টা পর ওই ব্যক্তিকে আবার সেচ্ছায় ছেড়েও দিয়েছে পুলিশ। তবে রির্পোট লেখা পর্যন্ত আতংক কাটেনি ওই গ্রাম ও পরিবারের নিরীহ শিশু, নারী এবং বয়বৃদ্ধদের।
স্থানীয় সুত্রে জানা গেছে,দিনাজপুর বিরল উপজেলার মুরাদপুর(ডাঙ্গাপাড়া) গ্রামে ৩৬ বিঘা জমির মালিকানা সংক্রান্ত বিরোধ নিয়ে গত ১৬ এপ্রিল দু“পক্ষের মাঝে সংঘর্ষে ১০ জন আহত হয়। এনিয়ে পৃথক দুটি মামলাও দায়ের হয়েছে বিরল থানায়। ইতিমধ্যে ১৯ এপ্রিল জমির প্রকৃত হকদার হিসেবে দাবিদার মো: ফরহাদ হোসেন দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। ১৯ এপ্রিল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ভুমিদস্যু ও সন্ত্রাসীদের গডফাদার স্থানীয় প্রভাবশালী আব্দুর রাজ্জাক অর্থের জোরে তাদের সহায়সম্পত্তি লুটে নিতে চায়। আব্দুর রাজ্জাক প্রভাবশালী হওয়ার কারনে অর্থের জোরে সন্ত্রাসী এবং পুলিশকে ব্যবহার করে অসহায় মানুষদের মামলা-মোকদ্দমায় ফাসানোসহ নানান কায়দায় হয়রানী করছে।
হামলায় আহত সুমি বেগম জানান, দখল করে নেয়া জমিতে রাজ্জাক ও তার সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে দাড়িয়ে থেকে ইটের প্রাচীর নির্মান করলেও পুলিশ ওদের কাউকেই আটক করছে না। অথচ পুলিশ আমাদের পরিবারের নিরীহ লোকজনকে ঘরের চালা ও দরজা ভেঙ্গে আটক করে নিয়ে যাচ্ছে। সে আরো জানায়, যে কোনো সময় সন্ত্রাসীরা আমাদের প্রাননাশ করে নিতে পারে, আমরা প্রশাসনের কাছে সুবিচার প্রত্যাশা করছি।
মুরাদপুর গ্রামের আকলিমা বেওয়া জানান, ২১ এপ্রিল রাতে আসামী ধরার নামে পুলিশ তার ভাতিজা নিরীহ নিরাপরাদ মো: হান্নান আলীকে ঘরের দরজা এবং টিনের চালা ভেঙ্গে আটক করে নিয়ে যায়। তিনি বলেন, হান্নানের নামে থানায় কোনো মামলাও নেই তারপরেও তাকে হয়রানী করলো পুলিশ। হান্নানকে ধরতে পুলিশ সাবল দিয়ে প্লেনসিট্রে দরজা ভাংগার আওয়াজে আমরা আতংকিত হয়ে পড়ি। এসময় গ্রামে এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা এসমস্ত ঘটনার ন্যায় বিচার চাই ।
এব্যাপারে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম হাবিব জানান,আসামী ধরতে গিয়ে যদি তারা গেট না খুলে তাহলে তো গেট ভাঙ্গার ব্যবস্থা নিতেই হবে। তবে বাড়ির দরজা ভেঙ্গে নিরাপরাধ হান্নানকে আটক এবং ছেড়ে দেয়ার ব্যাপারে তিনি কোনো কথা বলেননি।