বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

দেশে ফিরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন নাঙ্গলকোটের প্রবাসী মুরাদ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।
কুমিল্লার নাঙ্গলকোটের ফয়েজ উল্লাহ মুরাদ (২২) নামক এক  মালেয়শিয়া প্রবাসী দেশে ফিরে বাড়ি পৌঁছার আগেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২:১০ঘটিকার দিকে লাকসাম বাইপাস এলাকায় এঘটনা ঘটে। ওই প্রবাসী তরুণ নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের কাজীর জোড়পুকুরিয়া গ্রামের মাওলানা আলী হোসেনের ছেলে।
ক্ষতিগ্রস্ত প্রবাসী ফয়েজ উল্লাহ মুরাদ জানান, আজ মঙ্গলবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সকাল ৭:০০ ঘটিকায় আল বারাকার একটি বাসযোগে তিনি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় তার পাশের সিটে বসা ৪৫বছর বয়স্ক একজন অজ্ঞাত লোক (প্রতারক) কথা বলতে বলতে তার সাথে সখ্য গড়ে তুলে। ওই প্রতারক ওমান থেকে ফিরেছেন বলে তাকে জানান। একপর্যায়ে মুরাদ অজ্ঞান হয়ে পড়েন।
বাসটি দুপুর ১২:১০ঘটিকার দিকে লাকসাম বাইপাস এলাকায় পৌঁছলে প্রতারক লোকটি মালামালসহ মুরাদকে গাড়ি থেকে নামিয়ে পাশ্ববর্র্তী একটি হোটেলে নিয়ে তাকে কোল্ডড্রিংকস খেতে দেন। কিছুক্ষণ পর লাকসাম বাইপাস হাউজিং এস্টেট মসজিদের সামনে নিয়ে মুরাদকে ফ্রেশ হতে বলে। সরল বিশ্বাসে মুরাদ ফ্রেশ হতে গেলে প্রতারক লোকটি অত্যন্ত সুকৌশলে তার মালামালের ব্যাগ ও হ্যান্ডব্যাগ নিয়ে যায়। ওই প্রতারক মুরাদের নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, অন্যান্য মালামাল ও ভিসা, পাসপোর্ট ও টিকেট নিয়ে যায়।
প্রবাসী ফয়েজ উল্লাহ মুরাদ জানান, ৪৫ দিনের ছুটি নিয়ে তিনি বিয়ে করার উদ্দেশ্যে দেশে ফিরেন। কিন্তু ভিসা, পাসপোর্ট, টিকেট, নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল হারিয়ে তিনি সর্বশান্ত। এবিষয়ে তিনি মসজিদের ভিডিও ফুটেজ সংগ্রহ করে থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান।
Please follow and like us: