বিশ্ব নদী দিবসে নদীর অধিকার নিশ্চিত করার দাবীতে মোংলায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাদাবন সংঘ, পিএফজি মোংলা ও পশুর রিভার ওয়াটারকিপার্স। রবিবার (২৪ সেপ্টেম্বর) মোংলায় অনুষ্ঠিত কর্মসুচির মধ্যে ছিলো পশুর নদ প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান, পশুর নদীতে গণগোসল, নদী কেন্দ্রিক গানের আসর এবং দিনরাত নদীর সাথে আড্ডা, নদীতে আলোচনা সভা-মানববন্ধন ও অবস্থান কর্মসুচি।
দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ নূর আলম শেখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাপা নেতা সৈয়দ মিজানুর রহমান, নাজমুল হক, কমলা সরকার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাসিব সরদার, পিএফজি’র শেখ শাকির হোসেন, পিএফজি নেতা এরশাদুজ্জামান সেলিম, বাদাবন সংঘের পপি বেগম, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার শেখ রাসেল, মেহেদী হাসান বাবু, ছবি হাজরা, সুষ্মিতা মন্ডল, তন্বী মন্ডল প্রমূখ।
প্রধান অতিথি মোঃ নূর আলম শেখ তার বক্তব্যে বলেন- সুন্দরবনের প্রাণ পশুর নদসহ উপকূলের নদ-নদী দখল ও দূষণে আক্রান্ত। সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগে মৎস্য নিধন করা হচ্ছে। এতে একদিকে যেমন নদীর স্বাস্থ্যহানী ঘটছে অন্যদিকে সুন্দরবনের জীববৈচিত্র হুমকিতে পড়েছে। নদী খালে অবৈধ বাঁধ দিয়ে নদী-খাল মেরে ফেলা হয়েছে। পশুর, রুপসা ও মোংলা নদীতে প্লাস্টিক দূষণের ফলে মাছের দেহে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে। নদ-নদী ও জলাশয়কে দখল এবং দূষণমুক্ত করার মাধ্যমে সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
মোঃ নূর আলম শেখ আরো বলেন নদী বিষয়ক হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে। নদীর অভিভাবক নদী কমিশনকে শক্তিশালী করতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ের নদী রক্ষা কমিটিকে সক্রিয় করার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নদী একটি জীবন্ত সত্তা আসুন আমরা নদীর অধিকার নিশ্চিত করি।
Please follow and like us: