বুধবার , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাগরিক অধিকার প্রতিষ্ঠায় যমুনা উপজেলা চাই-মানববন্ধনে কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী দ্বারা স্থায়ীভাবে বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়নকে নিয়ে ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিকে নাগরিক অধিকার বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের এমপি মনোনয়নপ্রত্যাশী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

বৃহস্পতিবার (২০ ন‌ভেম্বর) দুপুর ১২টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে “যমুনা উপজেলা চাই” শীর্ষক মানববন্ধনে অংশ নিয়ে তিনি বলেন, পূর্বপাড়ের চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের দুই লাখের বেশি মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। নদী দ্বারা বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন থেকে তারা বঞ্চিত। এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নতুন উপজেলা গঠন এখন সময়ের দাবি। উন্নয়নের মূলস্রোতে পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি দ্রুত প্রশাসনিক উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

মানববন্ধনে নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিভিন্ন বয়সী নারী-পুরুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে পূর্বপাড়ের মানুষদের বঞ্চনার চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে একতা প্রকাশ করে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মো. সেলিম রেজা ও নাজমুল হাসান তালুকদার রানা।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করে।

স্থানীয়রা আশা করছেন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ অবস্থান যমুনা উপজেলা গঠনের দাবিকে আরও বেগবান করবে।

Please follow and like us: