নাঙ্গলকোট প্রতিনিধিঃ- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীরসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১৭ জুন) সন্ধ্যার পর থেকে ইউনিয়নের মক্রবপুর বাজারে দু’গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুকুল চৌধুরী গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর গ্রুপের নেতাকর্মীদের কয়েক দফা সংঘষের ঘটনা ঘটে। এসময় দু’গ্রুপের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। এতে কয়েকজন আহত হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। জাহাঙ্গীর নামে আওয়ামী লীগের এক নেতা হেলমেট দিয়ে মাথায় আঘাত করার পর একটু উত্তেজনা হয়েছিলো। পরে মিছিল করে নেতাকর্মীরা। এর বেশি কিছু হয়েছে কিনা তা জানতে পারিনি। এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে।