সিরাজগঞ্জে নয়া আলোর আয়োজনে ‘তোমায় গান শোনাব’ শীর্ষক একক সংগীত সন্ধ্যায় নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালনকে সম্মাননা দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে ক্রেস্ট তুলে দেওয়ার কথা থাকলেও বগুড়ায় দায়িত্বে থাকায় শনিবার তার হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সিরাজগঞ্জ ডিকেআইবির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন নয়া আলোর প্রধান সম্পাদক আশরাফুল ইসলাম জয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
মাহমুদুল হাসান লালন ১৯৮২ সালে সিরাজগঞ্জের কাজীপুরের নাটুয়ারপাড়ায় জন্মগ্রহণ করেন। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় অভিনয়ের মধ্য দিয়ে তাঁর নাট্যজীবন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন নাট্যদলের সঙ্গে অভিনয়, নির্দেশনা ও নাট্যচর্চায় যুক্ত হন। ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন ‘নাট্যাধার, সিরাজগঞ্জ’। নাট্যচর্চার পাশাপাশি সরকারি দায়িত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জেলা কালচারাল অফিসার হিসেবে যোগ দেন লালন। বর্তমানে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার দায়িত্ব পালন করছেন। লোকসংস্কৃতি সংরক্ষণ, তরুণদের নাট্যমুখী করা এবং মানবিক ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চায় তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে অতিথিরা তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পরে জুবায়ের জিকোর একক সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।