সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিটন রাজনৈতিক কারণে মনোনয়নপত্র জমা দিতে না পারলে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের পাঁয়তারা চলছে বলেও দাবি করেছেন তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাংবাদিকদের দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন শ্রমিক নেতা মো. মনিরুজ্জামান লিটন।
বিবৃতিতে লিটন বলেন, ‘আমি সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। কিন্তু রাজনৈতিক কারণে কোনো পরিস্থিতিতে যদি আমি মনোনয়নপত্র জমা দিতে না পারি, তাহলে শ্রমিক ভাইদের প্রতি আমার অনুরোধ কেউ যেন উত্তেজিত না হন এবং কোনো ধরনের আন্দোলন-সংগ্রামে জড়িয়ে না পড়েন।
তিনি আরও বলেন, আমি যে কোনো মুহূর্তে রাজনৈতিক মিথ্যা মামলায় গ্রেপ্তার হতে পারি। আমাকে গ্রেপ্তারের জন্য পাঁয়তারা করা হচ্ছে। তবে আমাকে গ্রেপ্তার করা হলেও শ্রমিকরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাতে না জড়ান। সবাই ধৈর্য ধরবেন এবং শান্ত থাকবেন।
লিটন বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন শ্রমিকদের অধিকার ও ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত। তাই নির্বাচনের পরিবেশ যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকবেন, তবে কোনো উসকানিতে পা দেবেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এমন কোনো কর্মসূচি কেউ গ্রহণ করবেন না। আমি থাকি বা না থাকি, শ্রমিকদের স্বার্থে শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।
এদিকে, নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লিটনের প্রার্থিতা নিয়ে শ্রমিকদের মধ্যে নানা আলোচনা চলছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন কি না, তা নিয়েও শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।