নৌবাহিনীর সাবেক চাকরিচ্যুত কর্মকর্তা ফারজানা তন্নীর বিরুদ্ধে নির্যাতন, স্বর্ণালঙ্কার ও জমির দলিল ছিনিয়ে নেওয়া এবং বসতবাড়ি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার সৎ বোন ফারহানা তাবাসসুম। রবিবার (২১ জুন) সকালে বাগেরহাট ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে রামপাল উপজেলার বড় সন্ন্যাসী গ্রামের বাসিন্দা এবং প্রয়াত অ্যাডভোকেট আবুল হোসেনের কন্যা ফারহানা তাবাসসুম বলেন, ২০২৪ সালের ২৩ নভেম্বর তার পিতার মৃত্যুর পরদিনই সৎ বোন ফারজানা তন্নী বহিরাগত লোকজন নিয়ে তাদের বাড়িতে এসে তাকে ও তার মাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দেন। পরে ঘরে তালা ঝুলিয়ে স্বর্ণালঙ্কার ও জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র নিজেদের দখলে নেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, খুলনা শহরের ৫০ নম্বর হাজী মহসিন রোডে তিন শতক জমির ওপর নির্মিত একটি তিনতলা বাড়ির মালিকানা নিয়ে বিরোধের জেরে তাদের বঞ্চিত করার উদ্দেশ্যে গ্রামের সম্পত্তি ও দলিলপত্র জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। ওই সম্পত্তির বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে ফারহানা তাবাসসুম অভিযোগ করেন, সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৮ জানুয়ারি ফারজানা তন্নীর নেতৃত্বে একদল বহিরাগত ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এতে তার মা গুরুতর আহত হন এবং মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হন। পরবর্তীতে থানার সামনে পুনরায় হামলার শিকার হলে তারা আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর সি আর-১৯৯/২৫।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সম্প্রতি গত ১৬ ও ১৭ জুন স্থানীয় মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজাহার ইসলাম সাজু এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. তাইজুল হাওলাদারের দোকানে হামলা ও অবৈধ উচ্ছেদের চেষ্টা চালানো হয়। তবে স্থানীয় জনগণ ও নারীরা এর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলেন বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ফারহানা তাবাসসুম বলেন, বর্তমানে আমরা এতিম ও অসহায় পরিবার জীবননাশের হুমকি এবং চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। পারিবারিক এই বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে প্রশাসন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
এ সময় তিনি ফারজানা তন্নী ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ন্যায্য সম্পত্তির অধিকার ফিরিয়ে দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে ফারজানা তন্নীর বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
Please follow and like us: