শিক্ষার্থীদের পাইপ দিয়ে পিটিয়ে জখম করার অপরাধে নরসিংদীর পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীকে আটক করা হয়েছে। এ তথ্য জানান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ। তিনি বলেন, পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীর বিরুদ্ধে ১৬ শিক্ষার্থীকে পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠলে জিঙ্গাসাবাদের জন্য তাকে আটক করা হয়।
আজ সোমবার (৯ মে) বেলা ১২টায় কলেজের শ্রেণীকক্ষে ১৬ শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এদিকে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষনিক ভাবে কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীকে বরখাস্ত করেছে উপজেলা শিক্ষা অফিস।
আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে ৬টি বিষয়ে পাঠদান হয়। রবিবার ৬ষ্ঠ ক্লাসের শিক্ষক পাঠদান করবেনা এমন খবরে ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে পড়ে বাড়ি চলে যায়। তবে শিক্ষক ক্লাসে আসলে কয়েকজন এসে পাঠদানে যুক্ত হয়।
এদিকে আজ সোমবার যথারিতি সকল শিক্ষার্থী শ্রেণী কক্ষে উপস্থিত হয়ে পাঠ গ্রহণ শুরু করে। বেলা ১২টার দিকে কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজী এ্যালুমিনিয়ামের পাইপ নিয়ে শ্রেণী কক্ষে প্রবেশ করে ৬ষ্ঠ ক্লাস না করা শিক্ষার্থীদের দাঁড় করান। এবং একে একে শাকিব, সিজান, আদনান, সোহেল, শিফাত, নয়ন, তাহসিন, আশরাফুল, আমিরুল, তাসফিকসহ ১৬ শিক্ষার্থীকে ৩টি পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং অধ্যক্ষের বিচারের দাবীতে শিক্ষার্থীরা বিকেলে পলাশের খানেপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে। আবার অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে আহতদের ছবি পোষ্ট করে অধ্যক্ষের বিচার দাবী করেন। যা অল্প সময়ের মধ্যে ব্যাপক ভাবে ভাইরাল হয়ে যায়।
স্বাধীনূর রহমান নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেন, শিক্ষকরা গুরুজন, বাবা-মার মতো। সেখানে কলেজের প্রিন্সিপাল হয়ে এই ভাবে মারছে। আমার বাবা-মা কেউই কোনো দিন এভাবে মারে নাই। আমি আজ সারাটা ক্লাস শুধু ভাবছি কি হলো আমার সাথে! শুধু আমার সাথে যে তা ই না। ক্লাসের অধিকাংশই আজ এই আঘাতের শিকার হইছে কেউ কম বা কেউ বেশি। যেখানে ছাত্রদের উপর হাত তোলাই নিষেধ, সেখানে একে তো শিক্ষাকে ব্যবসা বানাইছেই তার উপর এই সব হইতেছে!
আরেক আহত শিক্ষার্থী সোহেল সাংবাদিকদের বলেন, অধ্যক্ষ স্যার ক্লাসে ৩টি এ্যালুমিনিয়ামের পাইপ ও পানি নিয়ে গিয়েছে। আমাদের পাইপ দিয়ে পিটিয়ে ক্লান্ত হলে সেই পানি খেয়ে আবার পিটিয়েছে। আমরা শিক্ষকের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করিনি।
এ ব্যাপারে নরসিংদীর পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শিক্ষার্থীদের শাসন করেছি। এখন কেউ কেউ এটাকে ইস্যু বানিয়ে পরিবেশ ঘোলা করার চেষ্টা করছে।
অভিযোগের সম্পর্কে জানতে চাইলে পলাশ উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার জানান, ছাত্র পিটানো কেন কোন শিক্ষক ছাত্রকে তিরস্কার করে কথা বলার বিধানও আইনে নেই। ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীকে তাৎক্ষনিক বরখাস্ত করা হয়েছে। এবং তিন সদস্য বিশিষ্ঠ একটি তদ্যন্ত কমিটি গঠন করা হয়েছে।