পাবনার আটঘরিয়া থানায় মেগা নিউজ টোয়েন্টি ফর ডট কম এর প্রধান সম্পাদক প্রকৌশলী আব্দুল আলিম, সম্পাদক রেজাউল করিম ফেরদৌস, নব যুগান্তর এর ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ইয়াছিন শেখ ও দৈনিক আজকের বাংলাদেশের ষ্টাফ রির্পোটার সদরুল আইনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আতাইকুলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক লিখিত প্রতিবাদ বার্তায় প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাধন ও সেক্রেটারী মো. কামরুল ইসলাম বলেন, ৪ সাংবাদিকের নামে আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান তানভীর ইসলামের ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলার নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে নিঃশর্তভাবে মামলাটি প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
নেতৃবৃন্দ বলেন, মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে পাবনা জেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে কঠোর থেকে কঠোরতর আন্দোলন ঘোষনা করা হবে।
সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, সারা বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাস আক্রান্ত, বাংলাদেশ এই রোগের প্রাদুর্ভাবে বিপর্যস্ত, জনজীবন অতিষ্ঠ ঠিক সেই সময়ে ডাক্তার, পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। ঠিক সেই সময়ে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাতে কিছু রাজনৈতিক নেতা ও উশৃংখল জনপ্রতিনিধিদের কৃতকর্মকে আড়াল করতে জাতির জাগ্রত বিবেক সাংবাদিকদের উপর এই মামলার খড়গ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।