দিনাজপুরের ফুলবাড়ীতে একমাত্র করোনা আক্তান্ত রোগী এনামুল হককে গত মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে করোনা মুক্তের সনদ প্রদান করা হয়েছে।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের এনামুল হক নামে ওই ব্যক্তি ১৬দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসনের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে থেকে করোনা ভাইরাস মুক্ত হওয়ায় তাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই ছাড় পত্র দেয়া হয়। সেইসাথে বর্তমানে ফুলবাড়ী উপজেলা করোনা মুক্ত বলে জানান উপজেলা প্রশাসন।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়,এনামুল হকের গত ১৪ এপ্রিল করোনা শনাক্ত হন। প্রশাসন ও চিকিৎকদের নিবিড় পর্যবেক্ষণে আইসোলেশনে থাকার পর গত ২৫ এপ্রিল পূণরায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। প্রথম দফায় ২৭ এপ্রিল এনামুল হকের ফলাফল করোনা নেগেটিভ আসে। পরবর্তীতে আবারও ২৭ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে দ্বিতীয়বারের মত নেগেটিভ ফলাফল পাওয়া গেলেও আরো ৭দিন তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হাসানুল হোসেন। এর পর গত ৩মে আবারো ফলোআপ পরিক্ষার জন্য তৃতীয় বারের মতো তার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে,গত ৫ মে মঙ্গলবার সন্ধায় পরিক্ষার ফলাফল নেগেটিভ আসে। ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হোসেন,থানার অফিসার্স ইনচার্জ ফকরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা করোনা জয়ী ওই বীরের বাড়িতে গিয়ে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এসময় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা থেকে সুস্থ্য হওয়া এনামুল হককে সুস্থ্যতার সার্টিফিকেট,বিভিন্ন রকমের ফলমুল,ইফতার সামগ্রী ও অন্যান্য খাদ্য সামগ্রী উপহার দেন।
করোনা থেকে মুক্তি পাওয়া এনামুল হক বলেন,প্রায় ২০ দিনের বেশি সময় ধরে সরকারি বিধিবিধান মেনে চলেছি। প্রতিদিন জেলা প্রশাসক স্যার ইউএনও স্যার, প.প.কর্মকর্তা স্যার আমার খোঁজ খবর নিয়েছেন। নিয়মিত চিকিৎসা পরামর্শ ও খাদ্য সরবরাহ করেছেন। তাদের পরামর্শে আজকে আমাকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। আপাতত কয়েকদিন আমি বাড়িতেই থাকব,তবে সমাজের কোনো মানুষ যেনো করোনা রোগীদের খারাপ চোখে না দেখে এই অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হোসেন বলেন, ফুলবাড়ীতে এপর্যন্ত ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে,৪০ জনের পরিক্ষার ফলাফল নেগেটিভ এবং ১জনের পরিক্ষার ফলাফল পজেটিভ পাওয়া যায়। করোনা পজেটিভ ওই ব্যক্তিকে ১৪দিন আইসোলেশনে রাখার পর,৩ বার তার নমুনা সংগ্রহ করে পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসায় করোনাজয়ী হিসেবে ছাড়পত্র দেয়া হয়েছে। সে বর্তমানে সম্পুর্ন সুস্থ্য রয়েছে। সেইসাথে বর্তমানে এই উপজেলায় কোন করোনা রোগী নেই বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী বলেন,করোনা যোদ্ধা এনামুলের সুস্থতার মধ্যদিয়ে,আপাতত ফুলবাড়ী উপজেলা করোনা মুক্ত হলো, আমরা সকলে মিলে যদি সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলি এবং অতি প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে না যাই তবে আগামী দিনগুলোতে এই সংখ্যা শুণ্যের কোটায় রাখা সম্ভব হবে এবং সেই সাথে করোনাযুদ্ধে আমরা জয়ী হবো বলে তিনি আশা প্রকাশ করেন।