বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পৌর এলাকার একটি ছাত্রাবাস থেকে মইনুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশেই পড়েছিল চিরকুট। রবিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে ‘মিলি’ নামের ছাত্রাবাস থেকে তার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ বলছে বিষাক্ত কিছু সেবন করে মইনুল আত্মহত্যা করেছেন। মইনুল নাটোরের সিংড়া উপজেলার বিদহর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি উপজেলার একটি ফার্মেসীতে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকেই মইনুলের ঘরের দরজা খোলা হয়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রাবাসের মালিক তার দরজায় ডাকাডাকি করেন। এতেও মইনুলের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে মইনুলকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এ সময় তার বিছানায় একটি চিরকুট পাওয়া যায়।
“যা লেখা আছে চিরকুটে”
‘প্রিয় বাবা-মা, আমি তোমাদের ছেলে মইনুল। তোমাদের ছেড়ে চলে গেলাম। এর জন্য কেউ দায়ি নয়। আমি আবারও বলছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। আমি বাবার কাছ থেকে এক লাখ টাকা পাবো, সে টাকা যেন বড় ভাই আরিফুলকে দিয়ে দেয়। ছানোয়ারের কাছ থেকে যে টাকা পাবো, সেটা যেন না নেয়। তাদের দুজনকে দিয়ে দেয়। আমি তাদেরকে দিয়ে গেলাম। আমার গলায় ক্যান্সার হয়েছে। আমি কষ্ট করে মরার চেয়ে জীবন দিয়ে গেলাম। এর জন্য কেউ দায়ি নয়, তোমাদের ছোট ছেলে মইনুল।।
জানতে চাইলে নন্দীগ্রাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, মইনুল বিষাক্ত কোনো কিছু সেবন করে আত্মহত্যা করেছেন। তার বাড়ি থেকে লোকজন এসেছেন। তারা কোনো অভিযোগ করছে না। তারপরেও বিষয়টি তদন্ত করে দেখা হবে। মইনুল চিরকুটে ব্যক্তিগত বিষয় সম্পর্কে লিখেছে, যা অন্য কারও জানার কথা নয়। তিনি আত্মহত্যাই করেছেন।।
Please follow and like us: