বগুড়ায় পুলিশের আশ্বাসে জেলা মালিক-শ্রমিক যৌথ কমিটির ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আলোচনার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুই গ্রুপের একদিকে রয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন ও অন্যদিকে রয়েছেন জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
মঙ্গলবার দুপুরের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০জন আহত হন। গুলিবিদ্ধ হন দুজন। এ দ্বন্দ্বের জেরে ডাকা ধর্মঘটে মালিক-শ্রমিক যৌথ কমিটির ডাকে বুধবার সকাল ছয়টা থেকে অভ্যন্তরীণ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল।
বগুড়া জেলা পরিবহন যৌথ মালিক সমিতির মুখপাত্র মান্নান আকন্দ বলেন, আমাদের দাবি ছিল, মামলা এন্ট্রি করা। মামলা এন্ট্রি করা হয়েছে। আমাদের মামলায় মোহন সাহেবকে (মঞ্জুরুল আলম মোহন) এক নম্বর আসামী করা হয়েছে। পুলিশ আহত হওয়ার মামলায় মোহন সাহেব তিন নম্বর আসামী। পুলিশ বলেছে মোহন রাজনৈতিক নেতা একারণে কায়দা কৌশলে তাকে আমরা গ্রেফতার করবো। তিনি বলেন, তিনদিনের মধ্যে মোহন সাহেবকে ধরা না হলে, আমরা আবার কর্মবিরতির ঘোষণা দিব।
Please follow and like us: