বরিশালে পুলিশের বাঁধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। তবে এর আগে পুলিশের কঠোর বেষ্টনীতে সমাবেশ করে তারা। সমাবেশে নেতাকর্মীদের যেতে পুলিশ বাঁধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতৃবৃন্দ। তবে জনগনের জানমালের নিরাপত্তার জন্যই বিএনপির সমাবেশ ও মিছিল নিয়ন্ত্রণ করা হয়েছে বলে দাবি কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলামের।
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে সমাবেশ আয়োজন করে মহানগর বিএনপি। সমাবেশের আগেই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। নেতাকর্মীদের সমাবেশ স্থলে যাবার পথে বাঁধা দেয়া হয় বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। এ অবস্থার মধ্যেও অল্প কিছু সংখ্যক কর্মীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি নেতারা।
মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর যুবদলের সভাপতি আকতারুজ্জামান শামীম ও সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে বেলা পৌনে ১২টায় মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল সদর রোডে যাবার পথে অশ্বিনী কুমার হলের প্রধান ফটকে তাদের আটকে দেয় পুলিশ। এ নিয়ে বেশ কিছুক্ষন বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত তাদের মিছিল করতে দেয়নি পুলিশ।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে। তারা মিছিল বের করলে জনগনের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ কারণে তাদের মিছিল করতে দেয়া হয়নি।
Please follow and like us: