রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে জমিজমার দখল সংক্রান্ত বিরোধের কারনে প্রতিপক্ষরা নারীসহ তিনজন কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এ ঘটনায় গুরুতর আহত জিয়া উদ্দিন ইউসুফ ফারুক কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় প্রতিপক্ষরা জিয়া উদ্দিন ইউসুফ ফারুকের স্ত্রী আকতারুন লাইলা ও ভাই আহসানুল ইউসুফ কেও মারপিট করে আহত করলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহসানুল ইউসুফ বাদি হয়ে দশ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দুইজন আসামী কে ইতিমধ্যেই গ্রেফতার করতে সক্ষম হন। এ ঘটনায় বাদি পরিবার পরিজন নিয়ে শংকায় রয়েছেন বলে জানা যায়। তবে পুলিশ অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা করছেন। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরা গ্রামের ওহিদুল ইসলামের ছেলে আহসানুল ইউসুফের পৈত্রিক পাঁচ শতক জমির দখল নিয়ে একই গ্রামের মৃত কাশেম আলী দেওয়ানের ছেলে এনামুল হক দেওয়ান, মাজেদুর রহমান দেওয়ান, মাকছুদুর রহমান দেওয়ানসহ অন্যদের বিরোধ দেখা দেয়। এ নিয়ে আদালতে মৃত কাশেম আলী দেওয়ানের ছেলেদের পক্ষে মামলা করা হলে আদালত আহসানুল হক ইউসুফের পক্ষে রায় দেন বলে জানা যায়। আদালতের আদেশ অমান্য করে গত রোববার ওই জমিতে এনামুল হক দেওয়ান, মাজেদুর রহমান দেওয়ানসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ওই জমির দখল নিতে যায় এবং সেখানে থাকা পাঁচটি আম গাছ কেটে ফেলে। খবর পেয়ে আহসানুল ইউসুফ, জিয়াউদ্দিন ইউসুফ ফারুক ও তার স্ত্রী আকতারুন লাইলা তাদের বাধা প্রদান করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এক পর্যায়ে লোহার তৈরী ফালা ছুড়ে মারলে জিয়া উদ্দিন ইউসুফ ফারুকের বাম হাতের কনুইয়ের উপরে ঢুকে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলায় আহত আহসানুল ইউসুফ ও আকতারুন লাইলা কে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহসানুল ইউসুফ বাদি হয়ে বাগমারা থানায় মামলা দায়ের করেন। পুলিশ এনামুল হক দেওয়ান ও তার ভাই ঝিকরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাজেদুর রহমান দেওয়ান কে গ্রেফতার করে। যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রইচ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীরা জেল হাজতে রয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
, || - ||
বাগমারায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: