বাগেরহাটে আলোচিত ১৪ বছরের তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি জাহাঙ্গীর শেখ (৬২) কে আটক করেছে খুলনা র্যাব-৬ (সদর কোম্পানি)। সোমবার (৯ অক্টোবর) রাতে খুলনার সোনাডাঙ্গা থানার ছোট বয়রার ডাক্তারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ধর্ষণ ও গর্ভপাত করা মামলার প্রধান পলাতক আসামি জাহাঙ্গীর শেখ রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামের মৃত জাবেদ আলী শেখের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লোভ-লালসা ও ভয়-ভীতি দেখিয়ে আসামী জাহাঙ্গীর ভিকটিমকে বিভিন্ন সময়ে ধর্ষণ করে। ফলে তিন মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে সে। ভিকটিম পেটে তীব্র ব্যথা অনুভবের বিষয়টি জানাজানি হলে আসামি নিজেকে বাঁচানোর জন্য ভিকটিমকে মারপিট এবং মৃত্যুভয় দেখিয়ে জোরপূর্বক গর্ভের ভ্রুণ নষ্ট করার জন্য মেডিসিন খাওয়ান। ভিকটিমের অভিভাবক বিষয়টি টের পেয়ে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে গর্ভে ভ্রুনের বিষয়টি নিশ্চিত হয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে রামপাল থানায় ধর্ষণ ও গর্ভপাতের একটি মামলা করেন আসামির বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে আসামি বাড়ি থেকে পালিয়ে যান।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানান, ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে চৌকস আভিযানিক দলটি খুলনা জেলার সোনাডাঙ্গা থানার ছোট বয়রার ডাক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ ও গর্ভপাত করা মামলার প্রধান পলাতক আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিকে রামপাল থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় র্যাব।
Please follow and like us: