বাগেরহাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি মানছে না লকডাউন। সরকার ঘোষিত প্রজ্ঞাপনের সাথে বাগেরহাট জেলা প্রশাসনের যুক্ত হওয়া প্রজ্ঞাপনে হোটেল, রেষ্টুরেন্ট, কনফেকশনারী, চায়ের দোকান বন্ধ থাকার নির্দেশনা থাকলেও অনেকেই মানছে না। স্বাস্থ্যবিধি মানের বালাই নেই, মাস্ক ব্যবহারেও অস্বস্তি ও অনীহা প্রকাশ করছে অনেকে। অটোরিক্সা, ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন, করিমন, ট্রাক, মিনি ট্রাক, মাইক্রো, কার, মোটরসাইকেলের দখলে ছোট-বড় সব সড়কগুলো। প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জেল জরিমানা করা হলেও ভয় ডরহীন অধিকাংশ ছোট বড় ব্যবসায়ী।
লকডাউনের চতুর্থ দিনে বাগেরহাটের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্রে ভোর থেকেই ব্যাপক লোকসমাগম হয়েছে। ক্রেতা-বিক্রেতা, মৎস্য পরিবহন শ্রমিক, ভ্যান ও অটোরিকশা চালক, আড়তদার, হোটেল এবং চা বিক্রেতাদের অধিকাংশেরই মুখে মাস্ক নেই। একই দৃশ্য পার্শ্ববর্তী কাঁচা বাজারেও। শহরের অধিকাংশ দোকান গুলো আংশিকভাবে খোলা রেখে বেচাকেনা করছে। শহরের সন্নিকটে অবস্থিত বৃহত্তর বারাকপুর বাজার মৎস্য আড়তে স্বাস্থ্য বিধি না মেনে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে মাছ ক্রয় বিক্রয়। মাছ পরিবহনে ব্যবহার করা হচ্ছে হরেক রকমের যানবাহন। করোনার হটস্পট বাগেরহাটে বর্তমান লকডাউনের যে অবস্থা, তাতে সংক্রমণের হার অচিরেই বৃদ্ধি পাবে বলে মনে করছেন সচেতন মহল। প্রশাসনিকভাবে আরো কঠোর পন্থা অবলম্বন করা না হলে মৃত্যুপুরীতে পরিণত হতে পারে পীর খান জাহানের পূন্য ভূমি বাগেরহাট জেলা।
Please follow and like us: