সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানিকর পোস্ট প্রচারের অভিযোগে বাগেরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মো. কামরুজ্জামান শিমুল।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বিকেল ৪টায় নিজ বাসায় অবস্থানকালে তিনি তার ব্যবহৃত ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, “Nagorik Pulse// নাগরিক পালস” নামের একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে তার এবং সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরানের ছবি ব্যবহার করে মানহানিকর তথ্যসংবলিত একটি পোস্ট প্রকাশ করা হয়েছে।
ওই পোস্টে তাদের বিরুদ্ধে ‘হানি ট্র্যাপ’পরিচালনা এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন কামরুজ্জামান শিমুল। তিনি বলেন, এ ধরনের অপপ্রচার তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুন্ন করার পাশাপাশি সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে।
কামরুজ্জামান শিমুল আরও জানান, বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি ওই ফেসবুক আইডির প্রকৃত পরিচয় শনাক্ত করতে পারেননি। একই আইডি থেকে ভবিষ্যতেও তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় ভবিষ্যৎ আইনগত সুরক্ষার স্বার্থে তিনি বাগেরহাট সদর থানায় জিডি নং-১৪৩২ (তারিখ: ২৭ জুলাই ২০২৬) দায়ের করেন।
বাগেরহাট সদর থানার ডিউটি অফিসার মো. আল মাসুদ জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সত্য প্রকাশে আপসহীন সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও মানহানিকর প্রচারণার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক মহল। তারা দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।