অন্যের জমি জোরপূর্বক দখলের অভিযোগে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভূমিদস্যু ফজলে হাসান এলাহী শিকদার (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের নওশের আলীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে (৪ এপ্রিল) শনিবার রাতে এলাহীকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত এলাহী শিকদার সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত জামাল শিকদারের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক ব্যক্তি সন্তোষ প্রকাশ করে বলেন, আটককৃত এলাহী শিকদার এলাকায় ভূমিদস্যু হিসাবে পরিচিত, এলাকার অত্যন্ত প্রভাবশালী ও স্বেচ্ছাসেবক লীগের নেতা হওয়ায় ভয়ে তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাই না। তার অত্যাচারে অনেক লোক এখনো এলাকা ছাড়া। এখন আইনের আওতায় আসবে সে। এলাকার মানুষ সস্তি পাবে। শুধু জমি দখল নয় , সে এলাকায় অনেক অন্যায় ও জবর দখল করেছে।
বাগেরহাট সদর থানার এসআই লোকমান হোসেন বলেন, বিষ্ণুপুর এলাকার নওশের আলী বাচ্ছুর দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে ফজলে হাসান এলাহী শিকদারকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে বাগেরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান আহমেদ মনি ও সাধারণ সম্পাদক মুকুল মল্লিক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্যকারণ বশত গোটাপাড়া ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি স্থগিত করা হল।