কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার অবহেলিত নাঙ্গলকোট উত্তর পাড়া (রামপুকুরিয়া) গ্রামে অবকাঠামো উন্নয়নের দাবীতে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রাস্তা ঘাট, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, ড্রেন, গার্ড ওয়াল, কালভার্ট নির্মাণ ও রাস্তায় এলইডি লাইট স্থাপনের দাবী সম্বলিত বিভিন্ন ব্যানার পেস্টুন নিয়ে এলাকাবাসী স্থানীয় মসজিদ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মাস্টার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা জাকের হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন, সমাজ সেবক মো: সেলিম, মো: আনা মিয়া, হাছানুজ্জামান, শফিকুর রহমান, আব্দুর রব প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের গ্রামের নামে এই উপজেলা, কিন্তু আমাদের গ্রামটি অবহেলিত। এ যেন বাতির নিচে অন্ধকার।
আমাদের গ্রামের রাস্তা গুলোর বেহাল দশা বিরাজ করছে। রাস্তাগুলোর বিভিন্নস্থানে খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তায় লাইট না থাকায় সন্ধ্যা হলেই ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়।
ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমাদের মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান গুলোও উন্নয়ন বঞ্চিত। সড়কের পাশের গার্ডওয়াল ভেঙ্গে সড়ক পুকুরে বিলীন হচ্ছে।
মসজিদের পুকুরের ঘাট নির্মাণে জনপ্রতিধিদের প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘদিনে মসজিদের ঘাট নির্মাণ না হওয়ায় মুসল্লীদের নামাজের অজু করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। পানি নিষ্কাশনের স্থায়ী কোন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে বাড়ি ঘরে পানি উঠায় এলাকাবাসীকে মানবেতর জীবন-যাপন করতে হয়।
এছাড়া একটি কালভার্টের অভাবে এলাকাবাসীর নামাজ ও বিভিন্ন কাজে যাতায়াতে সমস্যা হচ্ছে। নাঙ্গলকোট পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয়ে করের হার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
কিন্তু আমরা প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক হিসেবে কোন সুবিধা পাচ্ছিনা। আমাদের সমস্যা গুলোর কথা পৌর মেয়রকে মৌখিক ও লিখিত ভাবে বারবার অবগত করা হলেও এ পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।