‘বাবা মানে হাজার বিকেল, আমার ছেলে বেলা। বাবা মানে রোজ সকালে, পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন। বাবা মানে জমিয়ে রাখা, আমার অনেক ঋণ। আমি যতই এলোমেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মত সহজ সমাধান। জীবনের টানাপোড়েন কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি। বাবার কাছে হইনা কালো আমি কোনদিনই। বাবা ডাকে আদর করে আমায় সোনামণি’।-বাবাকে নিয়ে ইসলামী সংগীত শিল্পী জাইমা রহমানের ভাইরাল হওয়া সংগীতের ‘সোনামণি’ ডাকটি বাবার মুখে কখনই শুনতে পাবে না দুই নবজাতক ছেলে। হৃদয়বিদারক এমন দৃশ্য চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের সদা হাস্যোজ্জ্বল মোঃ শহীদ ও বাতিসা ইউনিয়নের দেবীপুর গ্রামের বিনয়ী যুবক মোঃ মাসুমের ঘরে। সম্প্রতি শহীদ ব্রেইন স্ট্রক করে ও মাসুম বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করেছেন।
ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মঙ্গলবার নিহতদের পরিবার ও স্বজন সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম জেনারেল হাসপাতালের ফার্মেসী বিভাগের কর্মকর্তা মোঃ শহীদ গত ১৬ ডিসেম্বর শনিবার রাতে ব্রেইন স্ট্রক করে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ঘরে ছিল তাঁর গর্ভবতী স্ত্রী। ওই সময় স্বামীর মৃত্যুতে অনাগত সন্তানের ভবিষ্যত নিয়ে বারবার মুর্ছা যাচ্ছিল স্ত্রী। গত ৫ জানুয়ারি শোকাচ্ছন্ন ঘরে জন্ম নেয় শহীদের ছেলে। শোকাচ্ছন্ন ঘরে নতুন অতিথির আগমনে কিছুটা আনন্দ অনুভুত হলেও মূল শোক কোনভাবেই কাটছে না। অপরদিকে চার মাস আগে গত ১৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বাতিসা ইউনিয়নের দেবীপুর গ্রামে নিজ বাড়ির পাশে অপর একটি বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মোঃ মাসুম(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি দেবীপুর মধ্যমপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অপূর্ব গ্রীল ওয়ার্কশপের স্বত্তাধিকারী ও একই গ্রামের মৃত নুরুল আমিনের পুত্র। নিহত মাসুম এক ছেলে সন্তানের জনক ছিলেন। মৃত্যুর তাঁর স্ত্রী গর্ভবতী ছিলেন। গত ৮ জানুয়ারি সোমবার মাসুমের শোকাচ্ছন্ন ঘরে দ্বিতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ করে। চৌদ্দগ্রাম উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের আমীর মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর বলেন, ‘প্রত্যেক মানুষের মৃত্যু নির্ধারিত। তবে মৃত্যুর সময়টি আমরা কেউ জানি না। মহান সৃষ্টিকর্তার দেয়া নির্দিষ্ট সময়েই প্রত্যেকের মৃত্যু হয়। এজন্য পার্থিব জীবনে আমাদেরকে সকলকে দ্বীনের পথ অনুসরণ করে চলতে হবে। সম্প্রতি মারা যাওয়া শহীদ ও মাসুম দুইজনই সরল মানুষ ছিলেন। তাদের নবজাতক সন্তানদের সুন্দর ভবিষ্যত কামনা কামনা করছি’।
Please follow and like us: