বিশ্বের অন্যতম এবং দেশের শীর্ষ মানবিক শিল্পপ্রতিষ্ঠান বিআরবি গ্রুপের ভাবমূর্তি ক্ষুন্ন করতে অনলাইন মাধ্যমে অপচেষ্টা চালিয়েছে কতিপয় ব্যক্তি। এ ঘটনার প্রতিকার চেয়ে বিআরবি গ্রুপের পক্ষে গতকাল কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মস্তফা জানান, বিআরবি গ্রুপের পক্ষ থেকে অপপ্রচার রোধে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যার নম্বর ৩২৬, তারিখ ৭ জুন, ২০২০।এ বিষয়ে খুব অল্প সময়ের মধ্যেই তদন্তসাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।
গতকাল ৭ জানুয়ারি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার লগো ব্যবহার করে ওই পত্রিকার নাম দিয়ে অনলাইনে বিআরবি গ্রুপের নামে মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট খবর প্রচার করা হয়। সেখানে সুনির্দিষ্ট কোন সূত্র উল্লেখ না করে সকল বিষয়ে মনগড়া, মিথ্যাচার করা হয়েছে।
দৈনিক প্রতিজ্ঞার ভারপ্রাপ্ত সম্পাদক আতিকুজ্জামান ছন্দ তার ফেইসবুক টাইমলাইনে পত্রিকার পেজ পোস্ট করে। ‘আসছে প্রণোদনা: শ্রমিকদের জামানতের টাকা মজিবর রহমানের ঘরে, বিআরবি’র শ্রমিকরা পাচ্ছে চোর পদবী! শিরোনামে পোস্ট করা সংবাদে তথ্য বিকৃত ও কোম্পানির বিরুদ্ধে বিষোদগার করা হয়েছে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংকটের সময়ও বিআরবি গ্রুপ শ্রমিকদের নিয়মিত বেতন ভাতা দিয়ে আসছে। সরকারি নির্দেশের আলোকে শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও কোম্পানির পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায়সহ সকল প্রকার উদ্যোগও নেওয়া হয়েছে। সেখানে সম্প্রতি একজন শ্রমিকের অনৈতিক কাজের অপরাধে তার বিরুদ্ধে কোম্পানির আইনমোতাবেক ব্যবস্থা নেওয়ার কারণে সে ক্ষুব্ধ হয়ে নানা অপপ্রচার চালাচ্ছে।
বিআরবি গ্রুপের বিরুদ্ধে অনলাইনে এ অপপ্রচারণায় ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়ার সকল শ্রেণী পেশার মানুষ। কুষ্টিয়ার এই প্রতিষ্ঠানটির কারণে বিশ্বজুড়ে দেশের সুনাম ছড়িয়ে পড়েছে, ১২ হাজার শ্রমিক-কর্মচারিসহ এই প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় অর্ধলাখ মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়। শ্রমিক বান্ধব বলে এই প্রতিষ্ঠানের সুনাম দীর্ঘদিনের। এ জাতীয় মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।