, || - ||

বিএনপি ১৭ বছর ধরে নির্যাতন গুম-খুন উপেক্ষা করে রাজপথে ছিল পালিয়ে যায়নি – মংলায় শেখ ফরিদুল ইসলাম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

একবার যারা পালিয়ে যায়, তারা আর কখনো জনগণের মাঝে আসতে পারে না। বিএনপি কখনো পালিয়ে যায়নি, ১৭ বছর ধরে নির্যাতন, গুম-খুন উপেক্ষা করে রাজপথে ছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেছেন, বাগেরহাটের মোংলা ও রামপালসহ দক্ষিণাঞ্চলের মানুষ ৫ আগস্টের পর থেকে শান্তিতে বসবাস করছিলেন। কিন্তু আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী নেতাকর্মী নতুন করে নাশকতার পথ বেছে নিয়েছে। তারা মনে করছে, তাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তারা আবার ক্ষমতায় যাবে। এ ধরনের স্বপ্ন থেকেই তারা নতুন করে বিশৃঙ্খলা ও নাশকতা করছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে বিমান ও হেলিকপ্টারে ভারতে আশ্রয় নিয়েছে। গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা ভেবেছিল, তাদের পাতা ফাঁদে বিএনপি পা দেবে। কিন্তু বিএনপি কোনো রক্তপাতের পথে যায়নি। যারা এসব ঘটনার জন্য দায়ী, তাদের চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, মোংলা ও রামপাল এলাকার যারা গোপালগঞ্জে গিয়ে বিশৃঙ্খলায় জড়িয়েছে, তাদেরও চিহ্নিত করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের রাজনীতি করতে হলে আইনি প্রক্রিয়ায় বৈধতা নিয়ে আসতে হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। বিগত সরকার তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে দলটিকে নিষিদ্ধ করেছে। বিএনপির কেউ যদি তাদের সহযোগিতা করে, তাকেও ছাড় দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিএনপির অনেক নেতা ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে রাজনীতি করেছেন। সেই সুযোগ আর দেওয়া হবে না। সুবিধাবাদী রাজনীতির দিন শেষ। দলের মধ্যে থাকা দালাল, ধান্ধাবাজ ও বাটপারদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। আমরা চাই, কোনো মানুষ যেন আক্রান্ত না হয়। সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক। এত উসকানির পরও বিএনপি সংঘাতের পথে যায়নি। ফ্যাসিস্টের দোসররাই বারবার লাশের রাজনীতি করেছে।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘আমি কর্মী ও জনবান্ধব মানুষ। শান্তির পথে অবস্থান করি। এই জনপদে রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমি কারও এক কাপ চাও খাই না, পেট ভরার রাজনীতি করি না। আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে প্রতিমন্ত্রীসহ নারী-পুরুষ নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।

Please follow and like us: