তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার ১৯ ইউনিয়নে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা।
রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এসব ইউনিয়নে মোট ১ হাজার ২২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৪১ জন, সাধারণ সদস্য পদে ৭৬৩ এবং নারী সদস্য পদে ৩২০ জন প্রার্থী। এসব ইউনিয়নে মোট ৪ লাখ ৩৫ হাজার ৯৫০ ভোটার।
দুই উপজেলার ১৯ ইউনিয়নের ১৮৬ কেন্দ্রে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট
কেন্দ্রে বেলা ১২টায় ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে। ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মহাসিন আলীর কর্মী-সমর্থকরা ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১২ রাউন্ড গুলি চালায়। এ কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় পুলিশ কনস্টেবল মোমিনুল ও মাহবুব মিয়া আহত হন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
এদিকে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শিশুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অসৌজন্যমূলক আচরণ করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আশরাফ মো. জিয়াউল ইসলামকে (আশরাফ মন্ডল) গ্রেফতার করা হয়েছে। একই ইউনিয়নের মেরীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা মার্কায় জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের নিমদাসের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভুয়া ব্যালট পেপার সরবরাহ ও জাল ভোট দেয়ার দায়ে দুই যুবককে একবছর করে কারাদ- দিয়েছেন সংক্ষিপ্ত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র। কারাদ-প্রাপ্তরা হচ্ছেন- রোস্তম আলী ও হারুন মিয়া। তারা গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, মনোহরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আব্দুল বারী মন্ডলের (মোরগ মার্কা) পক্ষে রোববার দুপুরে রোস্তম ও হারুন ভুয়া ব্যালট পেপার সরবরাহ করেন এবং জাল ভোট দেয়ার চেষ্টা করেন। তাদেরকে জনতা আটক করে। পরবর্তীতে তাদেরকে সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হয়। তাৎক্ষণিকভাবে ওই স্থানে আদালত বসিয়ে তাদের প্রত্যেককে বিচারক একবছর করে কারাদ-ের রায় দেন।
এবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ও পলাশবাড়ি উপজেলার ৬টিসহ মোট ১৯টি ইউনিয়নের ১৮৬টি কেন্দ্রের মধ্যে শুধু পলাশবাড়ি উপজেলার মহদিপুর ইউনিয়নের ১২টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে এবং বাকি ১৭৪টি কেন্দ্রে ভোট নেওয়া হয় ব্যালট পেপারে। প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র্যাব সদস্য মোতায়েন ছিল। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সকল প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন।
প্রিজাইডিং কর্মকর্তারা জানায়, সকাল থেকেই নারী ভোটাররা ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়ান। তবে নারী ভোটারদের পাশাপাশি উল্লেখ্যযোগ্য সংখ্যক পুরুষ ভোটারদেরও ভোট দিতে দেখা গেছে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। লাইনে ভোটারদের উপস্থিতিও ছিলো ভাল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়ে, উৎসবের আমেজে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।’
আইনশৃঙ্খরা রক্ষায় ভোট কেন্দ্রের ভিতরে ও বাইরে পুলিশ ও আনসার সদস্যদের
দেখা যায়। এবার পলাশবাড়ী উপজেলার ৬ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ২৫ হাজার ৬৪৭ জন। এরমধ্যে পুরুষ ৬১ হাজার ১৮ ও মহিলা ৬৪ হাজার ৬২৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬০টি। ভোটগ্রহণের জন্য ৬০ জন প্রিসাইডিং অফিসার ও ৩৬৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৪২৬ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়। এ নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১১ জন ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৩০৩ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ৮৪৩ জন এবং মহিলা ১ লাখ ৫৭ হাজার ৪৬০ জন। ১২৬টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ১২৬ জন প্রিসাইডিং অফিসার, ৮৮২ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৭৮৪ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়। নির্বাচনে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০৩ জন, সংরক্ষতি মহিলা সদস্য পদে ২১৮ জন এবং সাধারন সদস্য পদে ৫৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ নির্বাচনে প্রতিটি ইউনিয়নে একজন করে নিবার্হী ম্যাজিষ্ট্রেট, বিজিবি, র্যাব, পুলিশ, গ্রাম পুলিশ, আনসারসহ বিভিন্ন গয়েন্দা সংস্থা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ছিল।