বিনা নোটিশে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী বাজারে ব্যক্তিগত সম্পত্তি দখল ও স্থাপনা উচ্ছেদের অভিযোগ উঠেছে ।
গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২০) দুপুরে উপজেলার সোনামুখি বাজারে এমন অভিযোগ করেন সোনামুখী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য ফরিদুল ইসলাম বাবুসহ ভুক্তভোগীরা ।
এর আগে সকাল থেকে সোনামুখী বাজারের পশ্চিমে অবস্থিত ফরিদুল ইসলাম বাবুসহ কয়েকজনের কেনা সম্পত্তির সকল স্থাপনা উচ্ছেদ করেন কাজীপুর উপজেলার ইউএনও ।
ইউপি সদস্য বাবু অভিযোগ বলেন, কাজীপুর উপজেলার কৃষ্ণ গোবিন্দপুর মৌজার এস এ ৫৭৬ নং খতিয়ানের ১০ শতক জমি তার বাবা মৃত আব্দুল হাই সরকার ও তার ওয়ারিশগণের ভোগদখলে রয়েছে । ওই জমিতে তারা ঘর নির্মান করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন ।
এ অবস্থায় করোনাকালীন শুরুতে ওই জমি সরকারী ১ নং খাস খতিয়ানের সম্পত্তি দাবী করেন কাজীপুর উপজেলা ইউএনও জাহিদ সিদ্দিকী ও আমাদের একশত বছরের জন্য লিজ নেয়ার জন্য বলেন । আমরা তার প্রস্থাবে রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের জমি থেকে উচ্ছেদের জন্য পায়তারা করে। আমরা ওই জমি থেকে উচ্ছেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে বিজ্ঞ আদালত স্থিতিবস্থা জারী করেন । কিন্তু আজ বৃহস্পতিবার হঠাৎ করে বিনা নোটিশে তিনি ভেকু মেশিন নিয়ে এসে আমাদের জমির উপর প্রতিষ্ঠিত স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়।
তিনি আরও জানান , এর ফলে আমাদের প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে । ইউএনও স্বেচ্ছাচারিতার মাধ্যমে জোরপূর্বক আমাদের এই জমি দখল করে নিয়েছেন । জমির রেকর্ড সংশোধনী নিয়ে আদালতে মামলা চলমান থাকা স্বত্বেও কোন কিছু তোয়াক্ক না করে জমি থেকে আমাদের উচ্ছেদ করলেন । আমরা সরকারের কাছে এর বিচার চাই ।
এ বিষয়ে কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা ( ইউএনও) জাহিদ হাসান সিদ্দীকী জানান, ফরিদুল ইসলাম বাবুর বাবা যে সম্পত্তি ক্রয় করেছেন সেটা অন্য দাগের । কিন্তু তারা ভুলবসত এই জমি দখল করে সেখানে স্থাপনা নির্মান করেছেন । এ কারণেই ওইসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে ।
আদালতের স্থিতিবস্থায় বিষয়ে তিনি জানান, আদালত ওই জমির উপর নিষেধাজ্ঞা দিলেও পরবর্তী শুনানীতে সেটা ভ্যাকেট হয়ে যায় । ফলে এ জমি থেকে স্থাপনা উচ্ছেদের আর কোন বাঁধা নেই । আর উচ্ছেদের আগে নোটিশ দেওয়ার প্রয়োজন পরে না ।