“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা। শনিবার বেলা ১২ টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। প্রদর্শনী মেলায় ঘোড়া, গরু, ছাগল, ভেড়া, মুরগি, কবুতর, বাজরিকা, বিড়াল সহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। খামারীদের উদ্বুদ্ধ করা ও বেকার যুবকদের খামার স্থাপন করে কর্মসংস্থানের জন্য উৎসাহিত করার লক্ষ্যে এই প্রাণিসসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।
মেলায় অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচিতদের মাঝে নগদ টাকার চেক পুরস্কার দেওয়া হয়। এবারের মেলায় প্রায় ৫০ টি স্টল রয়েছে।