দিনাজপুরের বিরামপুরে ল্যাম্ব হেলথ–ইউকে এর আর্থিক সহযোগিতায় ল্যাম্ব-এর কমিউনিটি সেফটি শিল্ড (সিএসটু) প্রজেক্ট–এর উদ্যোগে বুধবার সকাল ১০ টায় পৌর শহরের বেলডাঙ্গায় একটি মিলনায়তনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সংলাপের মূল বিষয় ছিল “পারস্পারিক সম্মান, বোঝাপড়া ও শান্তিপূর্ন সহবস্থান”। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান জোরদারের লক্ষ্যে এ আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সংলাপে বক্তারা বলেন, সব ধর্মই মানবতা, শান্তি, সহনশীলতা ও নৈতিকতার শিক্ষা দেয়। ধর্মীয় ভিন্নতা নয়, বরং পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব। তারা ঘৃণা, সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষ পরিহার করে সকলকে একে অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে শিক্ষা, সামাজিক সচেতনতা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। শেষে আয়োজকদের পক্ষ থেকে দেশের শান্তি, উন্নয়ন ও জাতীয় ঐক্য কামনা করে সংলাপের সমাপ্তি ঘোষণা করা হয়।
Please follow and like us: