, || - ||

বিশ্ব দৃষ্টি দিবসে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চোখের রোগ প্রতিরোধ, দৃষ্টিশক্তি সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হাসপাতালের যৌথ আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্সের সহযোগিতায় দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে সকাল ১০টার দিকে সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি সিভিল সার্জন কার্যালয়ে ফিরে আসে। সেখানে সম্মেলন কক্ষে বিশ্ব দৃষ্টি দিবসের তাৎপর্য ও চোখের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন। তিনি বলেন, দৃষ্টিশক্তি সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি। নিয়মিত চোখ পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং চোখের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার মাধ্যমে দৃষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন খন্দকার এবং ডা. তাসলিমা জান্নাত।

এ সময় বক্তব্য দেন প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার মির্জা আহমেদ আলী লিটন। চোখের বিভিন্ন রোগ, প্রতিরোধের উপায় ও দৃষ্টি সুরক্ষার বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাইটসেভার্সের জেলা সমন্বয়কারী তপন কুমার।

এছাড়া প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক টি এম মাহমুদুল হাসানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বক্তব্য দেন।

অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্বাস্থ্যসচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা চোখের যত্ন ও দৃষ্টিশক্তি রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

Please follow and like us: