, || - ||

বীজ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লার মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

বীজ ব্যাংক-এর মাধ্যমে বিরল ও ঐতিহ্যবাহী জাতের ধান সংরক্ষণকে সারাদেশে জনপ্রিয় করে খ্যাতি অর্জন করা রাজশাহীর কৃষক ইউসুফ মোল্লা আর নেই। শুক্রবার সকালে জেলার তানোর উপজেলার ধুবইল গ্রামের তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ইউসুফ মোল্লার ছেলে গোলাম মোস্তফা জানান, ৬ মাস আগে তাঁর বাবার ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছিল। কিছুদিন হাসপাতালে থাকার পর বাসায় থেকে তাঁর চিকিৎসা চলছিল। শুক্রবার সকালে হঠাৎ তিনি মারা গেছেন। বিকেলে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান গোলাম মোস্তফা।
হাইব্রিড জাতের প্রভাবে ঐতিহ্যবাহী দেশীয় ধানের জাতের সমৃদ্ধ ঐতিহ্যকে রক্ষা করার জন্য ইউসুফ ৫০ বছর আগে তার বাড়িতে ধান বীজ সংগ্রহ শুরু করেন। বেসরকারি সংস্থা বারসিক-এর সহায়তায় ‘বরেন্দ্র বীজ ব্যাংক’ প্রতিষ্ঠার পর ইউসুফ মোল্লা বিভিন্ন জেলার কৃষকদের নিয়ে প্রায় ৩০০ ধানের জাত সংরক্ষণ করেন। তার সংগৃহীত ধান বিভিন্ন সরকারি গবেষণা প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে। কৃষিতে অবদানের জন্য ইউসুফ মোল্লা বিভিন্ন পুরষ্কার পেয়েছেন।

 

Please follow and like us: