, || - ||

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।

দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট বিভিন্ন ধরনের উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করে। মহড়ায় ভূমিকম্পে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, বাসাবাড়িতে আগুন নেভানো, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া, তেল পাম্পে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ এবং গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কৌশল হাতে-কলমে তুলে ধরা হয়।

মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগের সময় দ্রুত পদক্ষেপ গ্রহণ, নিরাপদে উদ্ধারকাজ পরিচালনা এবং প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবাহী অফিসার সুমা খাতুন বলেন,  দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাদ আলী মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মণ্ডল এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নয়ন চৌধুরী, বীরগঞ্জ প্রেসক্লাবে সহ সভাপতি সাংবাদিক নাজমুল ইসলাম মিলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Please follow and like us: