দিনাজপুরের বীরগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে সিজার (অস্ত্রোপচার) করাতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত সমেজা খাতুন (২৫) কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সরঞ্জা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
সরজমিনে জানা গেছে, ৩ এপ্রিল শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে পৌরশহরের খানসামা রোডে বীরগঞ্জ ক্লিনিকে ভর্তি করা হয় এবং সাড়ে ৫ টার দিকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
অপারেশনের দায়িত্বে ছিলেন ডাঃ বকুল এবং অ্যানেসথেশিয়ায় ছিলেন শরিফুল ইসলাম নামে একজন।
অপারেশন চলাকালে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিন্তু পরিবারের অভিযোগ, ডাক্তার ছাড়াই নার্স দিয়ে কার্যক্রম পরিচালনা করে ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে।
ঘটনার পর ক্লিনিক মালিক বেলাল হোসেন সহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় উত্তেজিত জনতা রাত ৮টায় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দেয় ও ক্লিনিক ভাঙচুর করে এবং দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
পরে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ক্লিনিকটিতে সিলগালা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক রয়েছে।