ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠান স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (SKILL-IT) পরিদর্শন করেছেন। সোমবার ১৪ সেপ্টেম্বর দুপুরে তারা বাগেরহাট জেলা প্রশাসকের ভবনের উল্টোপাশে অবস্থিত স্কিল আইটি পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে ছিলেন ব্রিটিশ হাই কমিশনের গভর্নেন্স এডভাইজার মিস লুইস বেইনন, এশিয়া ফাউন্ডেশন এর টিম লিডার সারা এল টেইলর, ব্রিটিশ হাই কমিশনের গভর্নেন্স এডভাইজার মিস শাহনাজ করিম, ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মিস রোজি কুম্ব এবং রূপান্তরের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ মোঃ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুধু।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা SKILL-IT-এর চলমান প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণ অবকাঠামো ও বিভিন্ন দক্ষতা উন্নয়ন উদ্যোগ পরিদর্শন করেন। পরে স্থানীয় বিভিন্ন সিভিল সোসাইটি ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় বিদেশে দক্ষ জনবল তৈরি, বেকারত্ব হ্রাস এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে** বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি কেয়ারগিভিং ও জাপানিজ ভাষা প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। শ্রমবাজারের চাহিদা বিবেচনায় দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও যুগোপযোগী করার ওপরও গুরুত্ব আরোপ করেন তারা।
এ সময় সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (Public-Private Partnership) ভিত্তিতে স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানো এবং বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগে সম্পদ সমাবেশের মাধ্যমে টেকসই উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বা দেওয়া হয়। স্থানীয় প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে বাগেরহাটের মানবসম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করা যায় বলে মত প্রকাশ করে প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের সদস্যরা লতিফ মাস্টার ফাউন্ডেশনের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক সেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন তারা।