, || - ||

ভারতে শুল্ক বৃদ্ধি করায় পেঁয়াজ আমদানি কম হওয়ায় দাম বৃদ্ধি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

পার্শ্ববর্তী দেশ ভারত শনিবার(১৯ আগষ্ট) হতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক বৃদ্ধি করায় গত তিন দিনে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে কোন পেঁয়াজ আমদানি হয়নি। এদিকে,শুল্ক ঘোষনার পর থেকেই বাংলাদেশে বেড়েছে পেঁয়াজের দাম। বুধবার (২৩ আগস্ট) বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটির সরকার। শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়। এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। পেঁয়াজ আমদানি না হওয়ায় যশোর জেলার শার্শা উপজেলাধীন বেনাপোল সহ শার্শা, নাভারন, বাগআঁচড়ায় খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম অনেক বৃদ্ধি পেঁয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল থেকে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এখন প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ব্যবসায়ীরা জানান, শুল্ক বাড়ানোর ঘোষণার পরপরই আমদানির বাজারে এর প্রভাব পড়েছে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৬ লাখ টন। এরমধ্যে ভারত থেকে আমদানি হয় সাত থেকে আট লাখ টন। বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে আগে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হলেও গত তিন দিন ধরে ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি।

Please follow and like us: