ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১১ নভেম্বর) ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মহামায়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এনামুল হক’র সভাপতিত্বে অন্যন্যদের মাঝে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এভিসিবি (৩য় পর্যায়) প্রকল্প ফেনী জেলার জেলা ব্যবস্থাপক মুহাবুল হক ও উপজেলা সমন্বয়কারী মোঃ ফরহাদ হোসাইন সহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ, সংরক্ষিত আসনের নারী সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের সহায়তায় অনুষ্ঠিত সভায় দীর্ঘদিন বন্ধ ও নিষ্ক্রিয় থাকা গ্রাম আদালতের কার্যক্রম পুনঃসচল করার লক্ষ্যে আলোচনা করা হয়। সভার সিদ্ধান্তসমূহ হলো- নভেম্বর মাস থেকে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী মহামায়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে ও সক্রিয়ভাবে পরিচালিত হবে। স্থানীয় বিচারিক প্রক্রিয়া অধিকতর গতিশীল করার উদ্দেশ্যে প্রতি মাসে ন্যূনতম ৩টি মামলা গ্রহণ ও তা আইনানুগভাবে নিষ্পত্তির সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথাগত সালিশ বর্জন ও আইনি সচেতনতা: এলাকায় প্রথাগত বা ইনফরমাল সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি না করে, স্থায়ী ও আইনি সমাধানের লক্ষ্যে সরাসরি গ্রাম আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। লিখিত অভিযোগ দায়েরের ক্ষেত্রে ইউনিয়নের সকল ওয়ার্ডের গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত বিবাদ ও বিরোধসমূহ নিষ্পত্তির জন্য সংক্ষুব্ধ পক্ষকে সরাসরি ইউনিয়ন পরিষদে নির্ধারিত নিয়মে লিখিত অভিযোগ দায়ের করতে হবে। প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গ্রাম আদালত আইন ও এর কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা ব্যাপকভাবে বৃদ্ধির লক্ষ্যে পুরো ইউনিয়নজুড়ে মাইকিং এবং প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালানোর ব্যবস্থা করা।
Please follow and like us: