সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

মারপিট ও চাঁদা দাবি, সিরাজগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় ট্রাকচালককে মারপিট, চাঁদা দাবি ও নগদ টাকা লুটের অভিযোগে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিনা গ্রামের মো. আব্দুল্লাহ (৩০) গত ১৮ মে দুপুর আড়াইটার দিকে সাহানগাছা-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের খাগা হাইস্কুল মাঠসংলগ্ন এলাকায় একটি ট্রাক দিয়ে মাটি ভরাটের কাজ করছিলেন। এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত মো. ফোরদৌস মণ্ডলসহ কয়েকজন সেখানে গিয়ে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

বাদীর অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ট্রাকচালক ও শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারপিট করা হয়। হামলায় কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ট্রাকচালক লিটন গুরুতর জখম হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হামলাকারীরা কয়েকটি ট্রাক ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে।

অভিযোগে আরও বলা হয়, একটি ট্রাকের কেবিনে থাকা প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন মো. আব্দুল্লাহ। অভিযোগে মো. ফোরদৌস মণ্ডলকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

মামলার বাদী মো. আব্দুল্লাহ বলেন, ‘আমরা বৈধভাবে ট্রাক দিয়ে মাটি ভরাটের কাজ করছিলাম। হঠাৎ তারা এসে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাদের ওপর হামলা চালানো হয়। আমার ট্রাক ভাঙচুর করা হয়েছে এবং নগদ টাকাও ছিনিয়ে নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।’

এ ব্যাপারে জানতে অভিযুক্ত মো. ফোরদৌস মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় কয়েকজন দাবি, জমি ভরাটকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রা‌কিব ব‌লেন, ‘মারপিটের ঘটনায় একটি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

স্থানীয় সচেতন মহল বলছে, ঈদকে সামনে রেখে মহাসড়ক ও আশপাশের এলাকায় চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগ বাড়ছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে বিষয়ে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।

Please follow and like us: