শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জ পৌর এলাকার ১নং ক্লাস্টারের অন্তর্গত মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পাঠদানের গুণগত মান উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারী খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল রহমান। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ের শিক্ষকদের দক্ষতা ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা নিশ্চিত করতে হলে শিক্ষককে আধুনিক ও কার্যকর পদ্ধতিতে পাঠদান করতে হবে। সাব-ক্লাস্টার প্রশিক্ষণ সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠা‌নে সিরাজগঞ্জ সদর উপজেলার উপ‌জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর নীতিমালা, মূল্যায়ন পদ্ধতি এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন কৌশল ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জাকিয়া সুলতানা উপস্থিত থেকে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

এ প্রশিক্ষণে ক্লাস্টারের আওতাধীন ৪টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ মোট ২৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এবং শ্রেণিকক্ষে শিক্ষাদান আরও কার্যকর ও শিক্ষার্থী-কেন্দ্রিক করতে সাহায্য করবে।

Please follow and like us: