আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা জেলার দোহার উপজেলার ঐতিহ্যবাহী মেঘুলা বাজারে কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়। সোমবার সকালে মেঘুলার কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে গবাদিপশুর হাটের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এবছর করোনাভাইরাসের কারনে ঢাকাসহ দেশের অনেক স্থানেই ডিজিটাল পদ্ধতিতে অনলাইন গরু কেনা-বেচা চলছে। কিন্তু দোহারে এখন পর্যন্ত এধরনের কোন উদ্যোগ চোখে পড়েনি। করোনাভাইরাস ও বন্যার ভয়াবহতা অতিক্রম করে কোরবানির পশু ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবে, এমনটাই প্রত্যাশা করছে দোহারের গরু খামারি ও পাইকাররা।
বর্তমানে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সকলের স্বাস্থ্যবিধির দিকে বিশেষ নজর দিয়ে হাটের উদ্বোধন করা হয়। মাস্ক ছাড়া হাটে প্রবেশ ও শিশুদের নিয়ে হাটে প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা।
হাট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান শামিমা ইসলাম বিথী, মো. জয়নাল আবেদীন, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন খান লেবু, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন, সাতভিটা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পাপেল মাহমুদ নিজাম, আব্দুর রহমান শান্ত প্রমুখ।