বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি নেতা এফ এম শামীম আহসানকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানি করতে মানববন্ধন করেছে একদল দুষ্কৃতকারী। একটি মৎস্য খামারের বিরোধকে কেন্দ্র করে, বিরোধকে আরো উসকে দিয়ে স্থানীয় আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো এবং তার সম্মানহানি করার লক্ষ্যে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রতিকার পেতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন এফ এম শামীম আহসান। এফ এম শামীম হাসান মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি। এর আগে তিনি জেলা যুবদলের সহ-সভাপতি এবং উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
আবেদনে উল্লেখ করেন, ২০০৬ সালে উপজেলার বহরবুনিয়া মৌজার একটি মৎস্য খামার জমির মালিকেরা তার নামে রেজিস্ট্রি করিয়া দেয়। তিনিও নিয়ম অনুযায়ী টাকা (হারি) প্রদান করে মৎস্য খামারটিতে চাষবাস করেন। ২০০৯ সালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কিছু দুষ্কৃতকারী মৎস্য খামাটি জোরপূর্বক দখল করে নেয়। এ সময় মৎস্য খামারে থাকা ১০ থেকে ১৫ লক্ষ টাকার মাছ ও বিভিন্ন মালামাল লুট করে তারা। ২০২৪ সালে জমির মালিকদের অনুরোধে পুনরায় মৎস্য খামারটি চালু করার উদ্যোগ গ্রহণ করেন এফ এম শামীম আহসান।
এরই মধ্যে স্থানীয় সাইফুল ইসলাম তোতা হাওলাদার সহ একটি গ্রুপ (যারা বিগত দিনে আওয়ামী সরকারের দোসর হিসেবে এলাকায় ব্যাপক অপকর্ম চালিয়েছে) মৎস্য খামারটি দখলে নিতে নানান অপকর্মে লিপ্ত হয়। তারা জমির মালিকদের কাছ থেকে জোর করে স্বাক্ষর নেওয়ার চেষ্টা, মারধর এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। ২০২৫ সালের ১৬ই ডিসেম্বর রাতে তার স্বজনকে মারপিট ও টাকা ছিনতাই করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে দুষ্কৃতকারীরা। বিষয়টি পুলিশকে জানানো হলেও কোন পদক্ষেপ গ্রহণ করে নাই তারা। ওই ঘটনায় একটি মামলা দায়ের করা হলে আসামিরা জামিনে মুক্ত হয়ে পুনরায় এলাকায় ত্রাস সৃষ্টি করতে থাকে।
ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বশেষ গত ৬ এপ্রিল তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে অশালীন ভাষা ব্যবহার করে একটি মানববন্ধন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। দুষ্কৃতকারীরা মৎস্য খামারটি দখলে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক ও সামাজিকভাবে সম্মান ক্ষুন্ন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন এফ এম শামীম আহসান।
ছাত্রদল থেকে বেড়ে উঠা একজন ক্লিন ইমেজের নেতা এফ এম শামীম আহসান। মানববন্ধনে তার বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সম্মান ক্ষুন্ন করা হয়েছে। আওয়ামী দোসর এবং একটি সন্ত্রাসী গোষ্ঠী স্বাধীন মত প্রকাশের নামে পরিকল্পিতভাবে দল ও শামীম আহসানকে নিয়ে মানববন্ধন করেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট হলে সেখানে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কমেন্টসকারীরা। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী এবং এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান তারা।