বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারুইখালি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হাসান রানার (৪০) দুই চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। রানা বারুইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের নূর আলী হাওলাদারের ছেলে।
জানাগেছে ২৪শে ফেব্রুয়ারী দিবাগত রাতে আসন্ন বাগেরহাট-৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যড. আমিরুল আলম মিলনের সঙ্গে দেখা করে বাড়িতে ফিরছিলেন রানা। পথে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। তারা রানার দুই চোখ ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে উপড়ে ফেলেছে। তবে কী কারণে রানার উপর হামলা হয়েছে জানতে চাইলে তা জানাতে পারেননি রানার স্ত্রী। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ঘটনার কিছুক্ষণ পরই রানার ওপর হামলাকারীদের আটকে অভিযান শুরু করেছে পুলিশের একাধিক টিম। দ্রুত তাদের গ্ৰেফতার করে আইনের আওতায় আনা হবে।