সোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে ছাতকের জিয়াউর রহমান জিয়া

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন দায়িত্ব পেয়েছেন। কমিটির সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের জটি গ্রামের কৃতিসন্তান জিয়াউর রহমান জিয়া।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটির মাধ্যমে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। পাশাপাশি দলের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে জিয়াউর রহমান জিয়ার অন্তর্ভুক্তিকে ছাতকসহ বৃহত্তর সুনামগঞ্জ অঞ্চলের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা যায়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জিয়াউর রহমান জিয়া দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসে তিনি যুবদলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রাম এবং রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাঠপর্যায়ে একজন দক্ষ, ত্যাগী ও পরিশ্রমী সংগঠক হিসেবে তিনি নেতাকর্মীদের কাছে সুপরিচিত।
দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা, গ্রেফতার ও নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রেখেছেন। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তিনি তৃণমূল নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।
রাজনৈতিক অঙ্গনে জিয়াউর রহমান জিয়া দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক চারবারের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন-এর ঘনিষ্ঠ ও আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত। দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ও নেতৃত্বের কারণে কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়াকে রাজনৈতিক বিশ্লেষকরাও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর জিয়াউর রহমান জিয়ার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হিসেবে তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি, সাংগঠনিক ভিত্তি সুদৃঢ়করণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও তাদের প্রত্যাশা।
স্থানীয় নেতাকর্মীদের মতে, জিয়াউর রহমান জিয়ার এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং ছাতক ও সুনামগঞ্জের রাজনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তার এই পদোন্নতির মাধ্যমে জাতীয় পর্যায়ে সুনামগঞ্জ জেলার রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলে তারা মনে করছেন।

Please follow and like us: