অনলাইন ডেস্কঃ- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এক মাস পেছানোর অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে চিঠি দিয়েছে বিএনপি। আজ রোববার বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই চিঠি দেন।
সিইসির কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘বিএনপি, ২০ দলীয় ঐক্যজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট গণতন্ত্র উদ্ধারের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। অধিকাংশ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে তড়িঘড়ি পূর্বক নির্বাচন কমিশন নির্বাচনী যে তফসিল ঘোষণা করেছে, তা গ্রহণযোগ্য নয়। কারণ, এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোর পক্ষে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে মনোনয়নপত্র দাখিল করা কোনোভাবেই সম্ভব নয়। যা ইতিমধ্যে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।’
চিঠিতে সিইসিকে মির্জা ফখরুল আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী সিডিউল এক মাস পিছিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’