, || - ||

রাজশাহীতে তিন জেএমবি’র ১০ দিনের রিমান্ড আবেদন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:-  রাজশাহীর তানোর উপজেলায় গ্রেপ্তার হওয়া জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যর ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত-৩ এ হাজির করে তাদের এ রিমান্ড আবেদন করা হয়। আসামিরা হলেন- তানোরের বিলশহর গ্রামের মৃত জহুর মণ্ডলের ছেলে সাহেবজান আলী (৩৫), জেকের আলীর ছেলে আবুল কালাম আজাদ (২৮) এবং খলিল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৮)। রোববার ভোররাতে সাহেবজানের বাড়িতে গোপন বৈঠকে বসলে তাদের আটক করে র‌্যাব-৫ এর একটি দল। এ সময় ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গানপাউডার, দুটি জিহাদী বই, ৪০ গ্রাম সোডা, সমপরিমাণ চুন, পাঁচটি হ্যান্ডনোট, সাতটি জিহাদী লিফলেট ও বোমা তৈরির নানা সরঞ্জাম। এর মধ্যে রয়েছে ব্যাটারি, জর্দার কৌটা, ইলেকট্রিক তার, রাং তার, কাটার প্লাস, তাতাল, স্কচটেপ, সুপার গ্লু, আইসি ও মার্বেল। আটকের পর এই তিন জঙ্গিকে তানোর থানায় সোপর্দ করে র‌্যাব। থানায় র‌্যাবের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও করা হয়। তানোর থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের মামলাটির তদন্তের দায়িত্ব পান। পরে তিনিই আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন। এসআই আবুল খায়ের জানান, আসামিদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। তবে আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়নি। বিচারক আসামিদের কারাগারে পাঠিয়েছেন। পরবর্তীতে রিমান্ড আবেদনের শুনানি হবে। তদন্ত কর্মকর্তা জানান, আটকের সময় এই তিন জঙ্গি নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করছিলেন। রিমান্ড মঞ্জুর হলে তারা কবে, কোথায় নাশকতা ঘটাতেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা করছেন তিনি।

Please follow and like us: