রাজশাহীতে সারাদেশের সঙ্গে একযোগে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি রাজশাহী বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে বড় পর্দায় প্রদর্শন করা হয়।
পরে রাজশাহী বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপির অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, ভূমিসেবা মেলা একটি যুগান্তকারী উদ্যোগ। ভূমি ব্যবস্থাপনায় সচেতনতা ও দাপ্তরিক স্বচ্ছতার ঘাটতি অনেকাংশে দূর করা সম্ভব হয়েছে। ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও জনবান্ধব করে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।
তিনি বলেন, মেলায় স্থাপিত বিভিন্ন স্টলের মাধ্যমে নাগরিকদের ভূমি সংক্রান্ত নানা প্রশ্নের সমাধান দেওয়া হবে। এছাড়া অনলাইনে নামজারি, ভূমি বিরোধ নিষ্পত্তির আবেদন, মৌজা ম্যাপসহ বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হবে।
বিভাগীয় কমিশনার আরও বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পেলে অনিয়ম ও দুর্নীতি কমে আসবে। সরকারের লক্ষ্য জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও অনিয়মমুক্ত ভূমিসেবা নিশ্চিত করা। ভূমি অফিসে কোনো ধরনের অনিয়ম বা অন্যায়ের ঘটনা ঘটলে তা প্রশাসনের নজরে আনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এর আগে নগরীর আইন মহাবিদ্যালয় এলাকা থেকে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালিয়া ভূমি অফিসে গিয়ে শেষ হয়।
বুধবার , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।
Please follow and like us: