মঙ্গলবার , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

রাজশাহী নগরীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ভুক্তভোগী এক পিতা। শনিবার (রাত ৮টার দিকে) নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আশিকুর রহমান মুরাদ (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, আটক মুরাদ মতিহার থানার ধরমপুর এলাকার বাসিন্দা মোঃ আমিনুল ইসলামের ছেলে। শনিবার রাতে নেশার টাকার দাবিতে তিনি তার পিতার কাছে গেলে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই মতিনের নেতৃত্বে এসআই আসলাম, এএসআই নূরনবী ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে মুরাদকে আটক করে। পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
ভুক্তভোগী পিতা মোঃ আমিনুল ইসলাম জানান, তার ছেলে দীর্ঘ কয়েক বছর ধরে মাদকাসক্ত। কোনো কাজকর্ম না করে প্রতিদিন নেশার টাকার জন্য প্রায় ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে না পারলে তাকে ও তার স্ত্রীকে মারধর, ঘরের জিনিসপত্র ভাঙচুরসহ শারীরিক নির্যাতন চালায়।
তিনি আরও জানান, এ বিষয়ে শনিবার বিকেলে মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও নেশার টাকার জন্য মুরাদ অক্ট্রয় মোড়ে এসে তাকে খুঁজতে থাকলে তিনি ভয়ে একটি অফিসে আত্মগোপন করেন এবং মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই মতিনকে ফোন করেন। পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় মুরাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আমিনুল ইসলাম বলেন, তিনি অক্ট্রয় মোড়ে একটি ছাত্রাবাস ও চায়ের দোকানের নাইট গার্ড হিসেবে কাজ করেন। সামান্য আয়ে কোনোমতে সংসার চালালেও মাদকাসক্ত ছেলের প্রতিদিনের টাকার দাবিতে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতনকারী এক যুবককে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

Please follow and like us: