রাজশাহীতে ডিপো থেকে সরকারি তেল চুরির ঘটনায় গ্রেপ্তার পশ্চিম রেলের উপ-সহকারী প্রকৌশলীসহ চারজনের রিমান্ডের আবেদন করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। গতকাল শনিবার দুপুরে প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে আবেদনের শুনানি হয়নি। এই চার আসামি হলেন, রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হাসান, যমুনা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ আমজাদ হোসেন, ট্যাংকার ট্রাকের হেলপার ইলিয়াস হোসেন এবং যমুনা অয়েলের কর্মচারী মুকুল আলী। এদের মধ্যে আব্দুল হাসানকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। অন্য তিনজন বৃহস্পতিবার দুপুরে পাঁচ হাজার লিটার তেল চুরির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী আরএনবির পরিদর্শক আহসান হাবিব জানান, প্রথম তিন আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আর প্রকৌশলী আবদুল হাসানকে আদালতে তোলা হয় শনিবার দুপুরে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেক আসামিরই সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। তবে আদালতে আবেদনের শুনানি হয়নি, পরে হবে। বৃহস্পতিবার রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি ওয়াগান থেকে তেল চুরির সময় একটি ট্যাংকার ট্রাক হাতেনাতে জব্দ করেন রেলওয়ের আরএনবির সদস্যরা। এ সময় তিনজনকে আটক করা হয়। ঘটনার পর তাৎক্ষণিকভাবে উপ-সহকারী প্রকৌশলী আবদুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে আরএনবির উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বাদী আবদুল হাসানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার তিন আসামি এখনও পলাতক। তারা হলেন, যমুনা পেট্রোলিয়াম কোম্পানীর সহকারী ম্যানেজার আশফাকুল ইসলাম, তেল ক্রেতা (মূল চোর) রবিউল ইসলাম ও ট্রাক চালক বাবু আলী খান। তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে আরএনবি। এদিকে তেল চুরির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে দিয়েছে পশ্চিম রেল কর্তৃপক্ষ। পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী আশীষ কুমার মণ্ডলকে এই কমিটির প্রধান করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। শনিবার কমিটি রিপোর্ট দিতে পারে।
, || - ||
রাজশাহীতে রেলের তেল চুরির ঘটনায় গ্রেপ্তার চারজনের রিমান্ড চায় নিরাপত্তা বাহিনী
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: