প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে তিনদিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় সমাজসেবা অধিদপ্তর, রাজশাহীর সভাকক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের তত্ত্বাবধানে প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। কর্মশালাটি আগামী ১৭ জুলাই পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ডালিম হোসেন শান্ত। স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ডঃ সাদিকুল ইসলাম স্বপন।
উদ্বোধনী বক্তব্যে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহ যেমন দ্রুততর হয়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা সাংবাদিকদের জন্য অপরিহার্য। তিনি বলেন, এআই প্রযুক্তি সাংবাদিকতার নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাক্ট চেকিংয়ের দক্ষতা সাংবাদিকদের আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনে সহায়তা করবে।
তিনি আরও বলেন, রাজশাহীর নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শহীদ জিয়া শিশুপার্ক ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন, নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে মিট প্রসেসিং সেন্টার স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনে নগরীর ড্রেনগুলো পর্যায়ক্রমে পরিষ্কারের উদ্যোগ উল্লেখযোগ্য।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবদুল আউয়াল বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নতুন প্রযুক্তিতে দক্ষ হওয়া জরুরি। একই সঙ্গে বস্তুনিষ্ঠতা, পেশাগত নৈতিকতা ও তথ্য যাচাইয়ের সংস্কৃতি আরও শক্তিশালী করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ রাজশাহীর সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় জানানো হয়, রাজশাহী জেলার সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়াই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
, || - ||
রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।
Please follow and like us: