, || - ||

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

উৎসবমুখর পরিবেশে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ শফিকুল হক মিলন। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। মেধা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিউ গভঃ ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীরা তাদের অর্জনের মাধ্যমে রাজশাহীর সুনাম বৃদ্ধি করছে। ভবিষ্যতে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মানিত অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষানগরী রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নিউ গভঃ ডিগ্রি কলেজ আমাদের গর্বের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নিউ গভঃ ডিগ্রি কলেজকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।
নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মতিউর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মোঃ রাশেদ করিম।
এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক প্রফেসর হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর ড. মোঃ আব্দুর রউফ এবং সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর জুবাইদুর রহমান আল গালিবসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: