, || - ||

রাজশাহী মহানগরীতে শিবিরের ঝটিকা মিছিল: গ্রেফতার – ৩

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

রাজশাহীতে একটি ঝটিকা মিছিল করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। জামায়াতে ইসলামীর এই ছাত্র সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার নগরীর রাজপাড়া থানার বিলশিমলা বন্ধগেট থেকে নেতাকর্মীরা এই মিছিল বের করেন।
এরপর দ্রুত মিছিলটি পার্শ্ববর্তী বহরমপুর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, মিছিল থেকে সমাবেশ খুবই সংক্ষিপ্ত পরিসরে দ্রুত শেষ করা হয়েছে। সেখানে কোন পুলিশকেও দেখা যায়নি। এই কর্মসূচিতে ছাত্রশিবিরের কোন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
নগরীর রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাইদুল ইসলাম বলেন, ‘মিছিল করার জন্য শিবিরের কোন অনুমতি ছিল না। ২০-৩০ জন ব্যানার নিয়ে একটা ঝটিকা মিছিল করেছে। আমরা খবর পেয়ে সেখানে যেতে যেতেই ওরা কর্মসূচি শেষ করে চলে গেছে। এ কর্মসূচিতে কারা অংশ নিয়েছিল সে ব্যাপারে জানার চেষ্টা চলছে।’
অপর দিকে, মহানগরীতে নাশকতা মামলার আসামী শিবিরের তিন সদস্যকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
রোববার দুপুর দেড়টায় হেতেম খাঁ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড় দাদপুর গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে মোঃ শিহাব সুমন (১৯), শিবগঞ্জ থানার মোঃ এনামুল হকের ছেলে মোঃ ইউসুফ আলী (২০) ও ঠাকুরগাঁও জেলার রাণী শংকৈল থানার চেংমারী গ্রামের মোঃ আতাউরর রহমানের ছেলে মোঃ আল মামুন (১৯)। তারা সকলেই বোয়ালিয়া থানার হেতেম খাঁ এলাকায় থেকে পড়াশুনা করতো।
এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।
তিনি জানান, গত (১১ সেপ্টেম্বর ২০২১) বোয়ালিয়া থানার পুলিশ কয়েরদাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ৩ জন জামায়াত শিবিরের কর্মীকে বিভিন্ন রেকর্ডপত্র, জিহাদি বই, ব্যানার, ক্যাশ রেজিস্টার ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করলেও ১০-১২ জন পালিয়ে যায়। ওই সময় তারা সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের প্ররোচনা, ষড়যন্ত্র ও জুম মিটিং করছিলো। সেই সময় থেকে পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছিলো বোয়ালিয়া মডেল থানা পুলিশ বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।

Please follow and like us: